দেড় মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশে ৫ মার্চ শেষে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে। ওই মাসে আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়।
ব্যাংকের কর্মকর্তারা জানান, আকু বিল পরিশোধে মোট রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে নেমে যায়। পরবর্তীতে রেকর্ড রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি মার্চে শুরুতে ব্যাংকগুলো থেকে ডলার কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনায় তা আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যদিও গত দেড় মাস পর আবারও কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা শুরু করেছে।
জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার দুইদিনে কেন্দ্রীয় ব্যাংক ১২ কোটি ডলার ক্রয় করেছে। এ নিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ৫৬১ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।









