দেশের বৈদেশিক মুদ্রার মজুদ আরও বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।
বিশ্লেষণে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে, যা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।
উল্লেখ্য, নিট রিজার্ভ বা প্রকৃত বৈদেশিক মুদ্রার মজুদ গণনা করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।









