অপরিশোধিত তেলের ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা।
তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
ইআরএল সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন অপরিশোধিত তেল এবং চারটি সংরক্ষণ ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক উত্তোলন করে পরিশোধন কার্যক্রম চালু রাখা হয়েছিল।
আরও জানা যায়, সাধারণত প্রতিদিন গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে ইআরএল। তবে অপরিশোধিত তেলের সংকট দেখা দেওয়ায় গত মাস থেকে দৈনিক পরিশোধনের পরিমাণ কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুদ ২ হাজার টনেরও নিচে নেমে আসে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়ে থাকে।









