আবারও বাড়ানো হয়েছে এলপিজি ও অটোগ্যাসের দাম। তবে এইবার দাম বাড়ানোর ব্যবধান ছিল মাত্র ১৭ দিন। ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১৯ এপ্রিল) জারি করা এক আদেশে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায় সংস্থাটি। এর আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে মোট দাম বেড়েছে ৫৯৯ টাকা।
মূল্য বৃদ্ধির আদেশে বলা হয়েছে, আমদানিতে জাহাজ ভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি টনে খরচ ২৫০ ডলার পর্যন্ত ধরা হয়েছে।
এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাস ৭৯.৭৭ টাকা থেকে বাড়িয়ে ৮৯.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, গত ছয় মাস ধরে বিইআরসি নির্ধারিত দরের কার্যকারিতা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। বাজারে এলপিজি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এলপিজি সংকটের সুযোগ নিয়ে আমদানিকারকদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে আমদানি সীমা বৃদ্ধি, কর কমানো, ঋণে এলসি খোলার সুযোগ এবং জাহাজ ভাড়া বৃদ্ধির মতো পদক্ষেপ উল্লেখযোগ্য।









