দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিও বিল নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৪ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনের মাধ্যমে বিল সাবমিট সম্পন্ন করতে বলা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্ট ২০১৫ সাল থেকে এমপিওর অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।
মাউশি আরও জানিয়েছে, চলতি মাসে কোনো শিক্ষক বা কর্মচারী অবসরে গেলে, পদত্যাগ করলে বা মৃত্যুবরণ করলে তার নামে বিল সাবমিট করা যাবে না। এছাড়া সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির ক্ষেত্রে বেতন বন্ধ রাখার বিষয়টি বিলে উল্লেখ করতে হবে।
যেসব শিক্ষক বা কর্মচারী পুরো মাসের বেতন পাওয়ার যোগ্য নন কিন্তু বকেয়া পাওনা রয়েছে, তাদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই এমপিওর অর্থ ছাড় করা হয়। তাই তথ্যের যথার্থতা যাচাইয়ের সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। ভুল তথ্যের কারণে অতিরিক্ত অর্থ প্রদান হলে এর দায় ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধুমাত্র যাদের তথ্য আইবাস++ সিস্টেমে যাচাই সম্পন্ন হয়েছে, তাদের নামই বিল সাবমিট অপশনে প্রদর্শিত হবে। যাদের তথ্য এখনো যাচাই হয়নি বা ত্রুটি রয়েছে, তারা তথ্য সংশোধনের পর পরবর্তী সময়ে বিল জমা দেওয়ার সুযোগ পাবেন।









