দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। যারমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। এতে করে ৯টি বোর্ডে অনুপস্থিতির গড় হার দাঁড়ায় ১ দশমিক ০৫ শতাংশ।
ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন অংশগ্রহণ করে। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৪ শতাংশ) এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ১৮ শতাংশ)। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ২১ শতাংশ)।
যশোর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ (১ হাজার ৪৪১ জন)। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৪ শতাংশ)।
সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ৬৭৪ জন (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৬ শতাংশ) এবং বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ৯১১ জন পরীক্ষার্থী।
এছাড়া দিনাজপুর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৮৩ শতাংশ এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। সবশেষ ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭৫৩ জন (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৩ শতাংশ)।
এদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৪ দশমিক ৪০ শতাংশ।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। মোট ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন (গড় অনুপস্থিতি ১ দশমিক ৯৩ শতাংশ)।
এর আগে, আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারাদেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।









