সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ সচেতনতামূলক বা ‘মোটিভেশনাল’ কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয়ের স্মারকে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্দেশনার ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মাদকাসক্তির ঝুঁকি মোকাবিলা, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শিক্ষাকর্মে সম্পৃক্ত রাখতে কলেজগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় কার্যকর সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে হবে।
বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরানো, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষাসহ সহপাঠ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।









