২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। ২০২৫ সালে ফল প্রকাশের যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। অর্থাৎ গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী অনেক কম।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা। দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও তাদের মধ্যে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না।
রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার রুটিন প্রকাশের সময়েই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়েছিল।
গত ১৮ এপ্রিল যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের কেন্দ্রে সাড়ে ৮টার থেকে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে।
প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশ (তথ৵ ও যোগাযোগ প্রযুক্তি বাদে) পরীক্ষা হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। কোনো অবস্থাতেই পরীক্ষার উত্তরপত্র ভাঁজ করা যাবে না।









