সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের জেরে এক্টিভিস্ট হাসান নাসিমকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সংগঠনটি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।গত ১৭ এপ্রিল নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক এক্টিভিস্ট হাসান নাসিমকে তুলে নিয়ে যায়।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এর পাঠানো এক বার্তায় হাসান নাসিমের মুক্তির দাবি জানানো হয়েছে।
এস এম ফরহাদ বলেছেন, এক্টিভিস্ট হাসান নাসিমকে গতকাল ১৭ এপ্রিল নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার ভাই হাসান নোমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, আমার ছোট ভাই হাসান নাসিমকে তার বাসা থেকে ডিবি তুলে নিয়েছে। ডিবির অফিসারদের কাছে তার অপরাধ জানতে চাইলে তারা বলেন, সে সরকারের অসংগতির বিরুদ্ধে লেখালেখি করে এবং একটি পেইজ পরিচালনা করে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে তারা কিছু বলেনি।
তিনি আরো জানিয়েছেন, তার ভাই হাসান নাসিম বিগত ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন।
ফরহাদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা একজন নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার। এই অধিকারকে খর্ব করে কাউকে গুম বা আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডাকসু অবিলম্বে হাসান নাসিমকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে।
ফরহাদ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, বর্তমান সরকার যদি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী লেখালেখি দমন করতে চায় এবং বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে ভয় সঞ্চার করে সমালোচনা থেকে বিরত রাখতে চায় তবে তারা ভুল করছে। কারণ ২০২৪ সালের এই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এই প্রজন্মকে ভয় দেখিয়ে থামানো যাবে না; তারা অন্যায়, দমন-পীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার থাকবে।









