গরমে তৃষ্ণা মেটাতে রাস্তাঘাটে আমরা অনেকেই ফলের রসের পাশাপাশি আখের রস খেয়ে থাকি। যা শরীর ভালো রাখতে অনেক উপকার করে। হয়তো অনেকে উপকার জেনে খাই আবার অনেকে পছন্দ থেকে খেয়ে থাকি। আখের রস থেকেই তৈরি হয় চিনি, কিন্তু চিনি থেকেও অনেক উপকারী আখের রস। শুধু এনার্জির জন্যই নয়, শরীর সুস্থ রাখতে আখের রসের জুড়ি মেলা ভার।
গরমে পানিশূন্য বা ডিহাইড্রেশন থেকে মুক্তির জন্য আখের রসের জুরি নাই। এই গরমে আখের রস যেমন তৃষ্ণা মিটায় তেমনি শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
চলুন জেনে নেই আখের রস কেন খাব
১.গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে এবং ক্লান্তি দূর করে দ্রুত শক্তি জোগাতে আখের রস দারুণ কার্যকরী।
২.সংক্রমণ কমাতে আখের রস গুরুত্বপূর্ণ। আখের রস ডাইইউরেটিক বলে শরীর থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে ভূমিকা নেয়। জন্ডিসে আক্রান্ত হলে আখের রসকে ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। লিভারের স্বাস্থ্যের জন্যও আখের রস খাওয়ার প্রচলন রয়েছে।
৩.আখের রসে কোলেস্টেরলের পরিমাণ কম, সোডিয়াম এবং আনস্যাচুরেটেড ফ্যাটও প্রায় থাকেই না। তাই কিডনি ভালো রাখতে আখের রস ভূমিকা পালন করে।
৪.আখে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য আখ কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। তবে রস খাওয়ার থেকে চিবিয়ে খেলে বেশি পরিমাণে ফাইবার শরীরে কাজে লাগানো যায়।
৫.আখের রসে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রনসহ বিভিন্ন খনিজ পদার্থ। ত্বক ভালো রাখতে এই খনিজ পদার্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই সঙ্গে আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।
৬.রক্ত স্বল্পতার কারণে হওয়া রক্তাল্পতা নিরাময়ে আখের রস দারুণ কার্যকর। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এই রস শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যারা রক্তাল্পতায় ভোগেন,তারা নিয়মিত আখের রস পান করলে উপকার পাবেন।
৭.আখের রস হজমের জন্য বেশ উপকারী। কারণ এতে থাকা পটাশিয়াম পেটের পিএইচ মাত্রা বজায় রাখে এবং হজমের রস নিঃসরণে সহায়তা করে। এছাড়াও, এতে থাকা ফাইবার হজমকে সবসময় সুস্থ রাখতে সাহায্য করে।
৮.আখের রসে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। প্রতিদিন আখের রস পান করলে বাতের ব্যথার মতো হাড় সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মেলে।
রাস্তার ধারে খোলা আখের রস পান করার আগে অবশ্যই পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। কারণ অপরিষ্কার পরিবেশে প্রস্তুত করা রস স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উৎস থেকে পান করাই বুদ্ধিমানের কাজ।








