ইসলাম যা বলছে মানসিক চাপ ও ডিপ্রেশন নিয়ে
প্রকাশ:

বিস্তারিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছেন। বাংলাদেশেও এই সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। শুধু দুশ্চিন্তা বা এনজাইটি নয়, এটি শরীরের ওপরও গভীর প্রভাব ফেলে-তীব্র মাথাব্যথা, পেশির টান, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা এমনকি আতঙ্কজনিত বিভিন্ন জটিলতাও দেখা দিতে পারে। আধুনিক মনোবিজ্ঞান এসব সমস্যার সমাধানে নানামুখী চিকিৎসা ও থেরাপির পথ দেখালেও, ইসলামি জীবনদর্শন প্রায় ১৪০০ বছর আগেই মানুষের মানসিক প্রশান্তি ও উদ্বেগ থেকে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক নির্দেশনা উপস্থাপন করেছে।
আলেমদের মতে, দুশ্চিন্তা থেকে মুক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো দৃঢ় ঈমান ও তাকওয়া। যার ঈমান যত বেশি শক্তিশালী, মানসিক বিপর্যয় তাকে তত কম প্রভাবিত করে। একজন মুমিনের অন্তরে এই গভীর বিশ্বাস থাকে যে, আল্লাহ তার সব অবস্থাই পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি সংকটের জন্য অবশ্যই উত্তম সমাধান নির্ধারিত আছে। এই ইতিবাচক বিশ্বাসই তাকে হতাশা ও মানসিক ভেঙে পড়া থেকে রক্ষা করে, দেয় স্থিতি ও মানসিক শান্তি।
মানসিক পেরেশানি: আজাব নাকি রহমত?
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বিচারক মুফতি তাকী উসমানী (হাফি.) এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড উল্লেখ করেছেন। তাঁর মতে- যদি দুশ্চিন্তার ফলে কারো গুনাহ বৃদ্ধি পায় এবং ইবাদত কমে যায়, তবে তা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা বা আজাব হিসেবে গণ্য হতে পারে।
পক্ষান্তরে, দুশ্চিন্তার ফলে যদি আমল বৃদ্ধি পায় এবং গুনাহর প্রতি অনীহা তৈরি হয়, তবে ওই পেরেশানি সংশ্লিষ্ট ব্যক্তির মর্যাদা বৃদ্ধির মাধ্যম বা আল্লাহর বিশেষ রহমত হিসেবে বিবেচিত হয়।
দুশ্চিন্তা ও ঋণমুক্তি: রাসুলুল্লাহ (স.)-এর শেখানো কার্যকর আমল
সাহাবি আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) মসজিদে আবু উমামাহ (রা.)-কে দুশ্চিন্তাগ্রস্ত দেখে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন, যা নিয়মিত পাঠ করলে আল্লাহ দুশ্চিন্তা দূর করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করেন।
দোয়াটি হলো- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট যাবতীয় চিন্তা হতে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি, তোমার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামানা করছি এবং আমি তোমার নিকট ঋণভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি। (সুনানে আবু দাউদ: ১৫৫৫)
কোরআন ও সুন্নাহর আলোকে দুশ্চিন্তা মুক্তির উপায়
ইসলামি স্কলারগণ কুরআন ও সুন্নাহর আলোকে মানসিক প্রশান্তির গুরুত্বপূর্ণ মাধ্যম চিহ্নিত করেছেন-
১. তাকদিরে বিশ্বাস: আল্লাহ যা নির্ধারণ করেছেন তা মেনে নেওয়ার মাধ্যমে মানসিক চাপ অনেকাংশে লাঘব হয়।
২. চিন্তার কেন্দ্রবিন্দু পরিবর্তন: পার্থিব মসিবতের চেয়ে আখেরাতের ভাবনাকে অগ্রাধিকার দেওয়া।
৩. নিচের দিকে তাকানো: নিজের চেয়েও যারা বেশি কষ্টে আছে, তাদের দেখে ধৈর্য ধারণ করা।
৪. তাওয়াক্কুল: মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা।
৫. সবর: বিপদে ধৈর্য ধারণ করা এবং মনে রাখা যে- কষ্টের পরেই স্বস্তি আসে।
৬. সালাতুল হাজত: দুশ্চিন্তার সময় নফল নামাজে মগ্ন হওয়া।
৭. ইস্তেগফার: নিয়মিত ক্ষমা প্রার্থনা করা, যা সংকট উত্তরণের পথ প্রশস্ত করে।
৮. দরুদ পাঠ: এটি দুশ্চিন্তা মুক্তির জন্য অত্যন্ত ফলপ্রসূ ও পরীক্ষিত একটি আমল।
৯. পরামর্শ করা: নির্ভরযোগ্য ও বিজ্ঞ আলেমের সঙ্গে নিজের সমস্যা নিয়ে আলোচনা করা।
১০. মাসনুন দোয়া: বিশেষ করে ‘দোয়ায়ে ইউনুস’ এবং অন্যান্য জিকির বেশি বেশি পাঠ করা।
১১.কুরআন তিলাওয়াত: কুরআন মুমিনের অন্তরের ব্যাধি ও দুশ্চিন্তার আরোগ্য (সূরা বনি ইসরাঈল: ৮২)।
১২.ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া: কঠিন সময়ে ধৈর্য ধারণ ও নামাজ মানসিক প্রশান্তি আনে (সূরা বাকারা: ৪৫)।
আধুনিক থেরাপি ও ইসলামি আমলের মেলবন্ধন
আধুনিক মনোবিজ্ঞানের ‘কগনিটিভ রিফ্রেমিং’ বা ‘মাইন্ডফুলনেস’ মূলত ইসলামের ‘সবর’ ও ‘জিকরুল্লাহ’রই একটি আধুনিক প্রতিফলন হিসেবে বিবেচনা করা যায়। চিন্তা ও অনুভূতিকে ইতিবাচকভাবে পুনর্গঠনের এই প্রক্রিয়া যেমন মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে, তেমনি ইসলামের ধৈর্য ধারণ ও আল্লাহর স্মরণ মানুষকে অন্তরের প্রশান্তি ও স্থিতিশীলতা প্রদান করে।
জিকির, নামাজ এবং বিশেষ করে তাহাজ্জুদের নির্জন প্রহরে অশ্রুসজল হৃদয়ে দোয়া করা-এসবই মানসিক চাপ বা ইমোশনাল বার্ডেন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একদিকে এটি আত্মাকে পরিশুদ্ধ করে, অন্যদিকে মনকে করে হালকা ও নির্ভার।
মানসিক অস্থিরতা জীবনের একটি স্বাভাবিক ও অনিবার্য অংশ। এটি মোকাবিলার সর্বোত্তম উপায় হলো ঈমানি শক্তিকে দৃঢ় করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। একই সঙ্গে মনে রাখা জরুরি, মানসিক রোগের জটিল ক্ষেত্রে বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীর পরামর্শ গ্রহণ করা ইসলামী শরিয়তের পরিপন্থী নয়; বরং এটি একটি বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত চিকিৎসা পদ্ধতি। আধ্যাত্মিক অনুশীলন ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ই একজন মানুষকে প্রকৃত মানসিক প্রশান্তি ও ভারসাম্যপূর্ণ জীবন দান করতে পারে।







