শাহাদাহ বা কালিমা পড়ার পর ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। কিয়ামতের দিনে আল্লাহর সামনে প্রথমেই নামাজের হিসাব দিতে হবে। তাই ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং অভ্যাসে পরিণত করা প্রতিটি মা-বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুরা যেন নামাজকে শুধুমাত্র বাবা-মায়ের আদেশ বা বাধ্যবাধকতা হিসেবে না দেখে, বরং এটি তাদের মনে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এটাই লক্ষ্য হওয়া উচিত। সন্তানকে নামাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য ১০টি পরামর্শ দেওয়া হলো—
১. নিজেই উদাহরণ হোন
শিশুরা অনুকরণ করতে ভালোবাসে। তারা যা দেখে, সেটাই শিখে। তাই আজান শুনেই অজু করা এবং নামাজের প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো সন্তানকে দেখান। যখন আপনি নামাজকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গুরুত্ব দেবেন, তারা স্বাভাবিকভাবেই তা শিখবে। তাকে বলতে পারেন, “আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় হয়ে গেছে, দেরি করা যাবে না।”
২. ছোটবেলা থেকেই শুরু করুন
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সন্তানদের সাত বছর বয়স থেকে নামাজের শিক্ষা দিন, দশ বছর হলে নামাজ না পড়লে শাসন করুন। যদিও সাত বছরের আগে নামাজ ফরজ নয়, তবুও ছোটবেলা থেকেই পরিবেশ এমন রাখুন যেন তারা নামাজের গুরুত্ব বুঝতে পারে।
৩. নির্দিষ্ট স্থান বরাদ্দ করুন
বাড়িতে নামাজের জন্য একটি নির্দিষ্ট স্থান বা কক্ষ ঠিক করুন। এটি শিশুকে শেখাবে যে নামাজ বিশেষ গুরুত্বের। জায়গাটি সবসময় পরিষ্কার ও পরিপাটি রাখার অভ্যাসও গড়ে তুলুন।
৪. পুরস্কারের ব্যবস্থা করুন
শিশু নিয়মিত নামাজ পড়লে তাকে উৎসাহ দিন এবং ছোট ছোট পুরস্কার দিয়ে প্রেরণা জোগান।
৫. সাত বছর পূর্ণ হলে নামাজের উৎসব করুন
সাত বছর বয়সে ছোটখাটো প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করুন। নতুন জায়নামাজ, টুপি, হিজাব বা তসবিহ উপহার দিতে পারেন। এতে শিশুটি গর্বিত হবে এবং নিয়মিত নামাজের প্রতি আগ্রহী হবে।
৬. আল্লাহর পরিচয় শেখান
আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে নামাজ শুধু শারীরিক অনুশীলন মনে হতে পারে। ছোটবেলা থেকেই আল্লাহর অসীম কুদরত ও করুণার গল্প শোনান। আল্লাহ আমাদের রক্ষা করেন, এ বোঝানো শিশুর মনে আল্লাহর প্রতি ভালোবাসা ও সংযোগ গড়ে তুলবে।
৭. নবীজিকে আদর্শ হিসেবে উপস্থাপন করুন
শিশুর সামনে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও সিরাত নিয়ে গল্প বলুন। প্রিয় নবীর প্রতি ভালোবাসা গড়ে উঠলে তারা স্বতঃস্ফূর্তভাবে তাঁর মতো নামাজ আদায় করতে চাইবে।
৮. ধাপে ধাপে নামাজ শেখান
হঠাৎই পাঁচ ওয়াক্ত নামাজের চাপ না দিয়ে ধাপে ধাপে শুরু করুন। প্রথমে এক ওয়াক্ত, তারপর দুই ওয়াক্ত—এভাবে অভ্যস্ত করালে মানসিক চাপ কমবে।
৯. ধারাবাহিকতা বজায় রাখুন
অলসতা বা অনীহা দেখালে ছাড় দেবেন না। বিশেষ করে দশ বছর বয়সে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। মা-বাবার দায়িত্ব, ব্যস্ততার মাঝেও নামাজ মিস না হতে দেওয়ার।
১০. জামাতে বা পরিবারের সঙ্গে নামাজ পড়া
পরিবারে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে দিনে অন্তত একবার সবাই মিলে জামাতে নামাজ আদায় করুন। বাবা ইমামতি করবেন, ছেলে সন্তান বড় হলে আজান দেওয়ার দায়িত্ব নিতে পারে। নিয়মিত জুমা ও ঈদের নামাজেও তাদের সঙ্গে নিন। বড় জামাতে সবাইকে একসঙ্গে নামাজ করতে দেখলে শিশুর মধ্যে ধর্মীয় পরিচয় ও সামাজিক বন্ধন দৃঢ় হয়।








