প্রখর রোদে বাইরে বের হলে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ছাতা ব্যবহার করা, সানস্ক্রিন লাগানো সব সতর্কতা অনেকেই মেনে চলেন। কিন্তু তারপরও অনেক সময় ত্বকে কালচে দাগ পড়ে যায়, যা সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় রোদে থাকা, ব্রণের সমস্যা কিংবা হরমোনের ওঠানামার কারণে ত্বকে এই ধরনের দাগ দেখা দিতে পারে। তাই শুধু প্রতিরোধ নয়, প্রয়োজন সঠিক যত্নও।
ত্বকের এই কালচে দাগ দূর করতে ঘরোয়া কিছু সহজ ও কার্যকর উপায় রয়েছে, যা নিয়মিত ব্যবহারে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলতে পারে।
বেসন ও হলুদের প্যাক
দুই টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদ মিশিয়ে নিন। এরপর এতে পরিমাণমতো দুধ বা বিকল্প হিসেবে গোলাপজল যোগ করে একটি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০–২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করে এবং ধীরে ধীরে উজ্জ্বলতা বাড়ায়।
চন্দনের গুঁড়া ও গোলাপজল
এক টেবিল চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে ত্বকে প্রয়োগ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি কালচে দাগ কমাতে সহায়তা করে।
মুলতানি মাটি ও টমেটোর রস
মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। টমেটোর লাইকোপেন ও প্রাকৃতিক অ্যাসিড দাগ হালকা করতে সাহায্য করে, আর মুলতানি মাটি ত্বকের ময়লা দূর করে।
নিম-তুলসী ও দইয়ের প্যাক
সমপরিমাণ নিম ও তুলসীর গুঁড়া নিয়ে তাতে টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকের দাগ কমানোর পাশাপাশি ত্বককে সতেজ রাখে।
কমলার খোসা, মধু ও দই
এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে এক চা চামচ মধু ও এক চা চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ভিটামিন সি সমৃদ্ধ কমলার খোসা ত্বক উজ্জ্বল করে, মধু আর্দ্রতা বজায় রাখে এবং দই মৃত কোষ দূর করে।









