শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। দেশটির সরকার বর্তমান নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে, যাতে নতুন প্রশাসন গঠনের পথ সুগম হয়।
বুধবার (২২ এপ্রিল) ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সমালোচিত। অথচ এটি দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা। বর্তমানে সংস্থাটির নেতৃত্বে রয়েছেন চারবারের প্রেসিডেন্ট শাম্মি সিলভা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরিকল্পনা রয়েছে। জনসাধারণের ক্ষোভ ও আস্থাহীনতার প্রেক্ষিতেই সরকার এ পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা প্রথম পর্ব থেকেই বিদায় নেয়, যা দলটির পারফরম্যান্স নিয়ে সমালোচনা আরও বাড়িয়ে তোলে।
এর আগে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২৩ সালের নভেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। পরে ২০২৪ সালের জানুয়ারির শেষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।









