ধূমপান নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির পার্লামেন্টে পাস হয়েছে বহুল আলোচিত ‘তামাক ও ভেপ বিল’, যা বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যত সিগারেট বিক্রি বন্ধ হয়ে যাবে। জনস্বাস্থ্য রক্ষায় এই উদ্যোগকে ইতোমধ্যেই ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন আইনের আওতায় ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তির কাছে কখনোই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। ফলে বর্তমান ১৭ বছর বা তার কম বয়সীরা জীবনে কোনো সময়ই বৈধভাবে সিগারেট কিনতে পারবেন না। সরকারের লক্ষ্য ধাপে ধাপে একটি সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ গড়ে তোলা।
আইনটি ইতোমধ্যে পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় জায়গা থেকেই অনুমোদন পেয়েছে। এখন শুধু রাজকীয় অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই সরকার তামাক, ভেপিং ও নিকোটিন পণ্যের স্বাদ, প্যাকেজিং এবং বিপণন নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নিতে পারবে।
এছাড়া শিশু পরিবহনকারী গাড়ি, খেলার মাঠ, স্কুলের আশপাশ এবং হাসপাতালের বাইরে ভেপিং নিষিদ্ধ করা হয়েছে। তবে যারা ধূমপান ছাড়তে চান, তাদের জন্য হাসপাতালের বাইরে সীমিতভাবে ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে পাব গার্ডেন, সমুদ্র সৈকত এবং ব্যক্তিগত খোলা জায়গাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ব্যক্তিগত বাসায় ধূমপান ও ভেপিং আগের মতোই বৈধ থাকবে।
দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাবে এবং স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাবে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন, এই উদ্যোগ প্রজন্মের মধ্যে অন্যতম বড় জনস্বাস্থ্য পদক্ষেপ, যা অসংখ্য জীবন রক্ষা করবে।









