সারা দেশে বাসভাড়া বাড়ানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকদের পক্ষ থেকে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো রুটেই বাসভাড়া বৃদ্ধি করা যাবে না বলে কঠোরভাবে জানানো হয়েছে।
আজ বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. সাইফুল আলম।
এতে বলা হয়, ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়েছে, তবে সরকারি সিদ্ধান্ত ছাড়া ভাড়া সমন্বয় করা যাবে না।
বিবৃতিতে দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় অনেক বেড়ে গেছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও ব্যাপকভাবে বেড়েছে। ফলে পরিবহন খাত চরম চাপের মুখে পড়েছে বলে দাবি করা হয়।
এই পরিস্থিতিতে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক সমিতি।
অন্যদিকে যাত্রী অধিকার রক্ষায় সক্রিয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বাস ও লঞ্চে একতরফা ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোনো ধরনের নিয়ম ভেঙে ভাড়া বাড়ানো হলে তা মেনে নেওয়া হবে না এবং প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।









