কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলামসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
গুরুতর আহত রবিউল ইসলাম (৩৬) উপজেলার মরিচা ইউনিয়নের মো. হাফেজ প্রামাণিকের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
গুলিবিদ্ধ অন্যরা হলেন সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা (২৫)।
স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন,সোমবার রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা ব্রাশফায়ার ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী ও পুরুষসহ ১০ জন গুলিবিদ্ধ হন।
তিনি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









