জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বিচার বিভাগ তার নিজস্ব স্বাধীনতা বজায় রেখেই আইনগত বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
শনিবার ভোলা সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, বিচার বিভাগ স্বাধীন এবং আদালত তার নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত দিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় আদালতের রায়কে সম্মান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি জানান, তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বর্তমানে দলীয় কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত নন। তবে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে চান তিনি।
গত দুই দশকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, জনগণ কখনো স্বৈরশাসনকে মেনে নেয়নি এবং ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।
বর্তমান সরকার সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।









