ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রস্তাব পেয়েও তা কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার সংসদে না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি।
তিনি জানিয়েছেন, সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে পূরণ হওয়া উচিত-এ অবস্থান তিনি আগে থেকেই তুলে ধরেছেন। এ বিষয়ে তিনি যুক্তি দিয়েছেন, প্রচার চালিয়েছেন এবং জনসমর্থনও নিয়েছেন। তাই এমপি হওয়ার প্রস্তাব পেলেও নিজের অবস্থান থেকে সরে আসা তার পক্ষে সম্ভব হয়নি।
বর্তমানে সংসদে যাওয়া নারীদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না উল্লেখ করে তিনি বলেছেন, তার আপত্তি ব্যক্তিগত নয়, বরং বিদ্যমান ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা নিয়ে।
তাসনিম জারার ভাষ্য, যারা জনগণের ভোটে নির্বাচিত হন, তারা ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে নির্বাচিতদের সেই সুযোগ সীমিত থাকে, কারণ তাদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা বা সরাসরি ভোটার থাকে না।
তিনি আরও বলেছেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী হলেও তাদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিশ্চিত হওয়া উচিত। সংরক্ষিত আসন থাকলে সেগুলোও সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারণের দাবি জানান তিনি।
উল্লেখ্য, তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। মাত্র ১৯ দিনের প্রচারণায়, পোস্টার বা মিছিল ছাড়াই এবং ব্যয়ের সীমা মেনে তিনি ৪৪ হাজারের বেশি ভোট পান। নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ থাকলেও ফলাফল মেনে নিয়েছেন বলেও জানান তিনি।
সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাসনিম জারা।









