ময়মনসিংহে আলোচিত রুমডো পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. শাহীনুর আলম ইকবাল হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল চারটার দিকে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আসিফ রানা নাঈম, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহাম্মেদ বাবু, ইউনুছ আলী ও শামছুল হক।
এছাড়া ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খালেদা আক্তার ও রেহেনা খাতুন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাতে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শাহীনুর আলম ইকবাল। এরপর তিনি নিখোঁজ হন। পরবর্তীতে ৫ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পালাশকান্দা গ্রামের একটি সেপটিক ট্যাংকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই সেলিম মিয়া তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় দিয়েছেন।









