বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে ‘নিশ্চিত ভিসা’ বা ‘নিশ্চিত চাকরি’র মতো প্রলোভনমূলক প্রতিশ্রুতি নিয়ে বাড়ছে প্রতারণা। এ ধরনের ভুয়া দাবিতে বিভ্রান্ত না হতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন।
মঙ্গলবার (২১ এপ্রিল) হাইকমিশনের ভেরিফাইড ফেসবুকে প্রকাশিত এক বার্তায় এ কথা বলা হয়।সেখানে আরও বলা হয়েছে, বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবির এমন ঘটনা বাড়ছে। নিশ্চিত ভিসা বা চাকরির প্রলোভন দেখিয়ে অনেককে বিভ্রান্ত করা হচ্ছে।
এই ধরনের প্রতারণার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত যেকোন প্রতারণার বিষয়ে কারো সন্দেহ হলে প্রয়োজনে পরিচয় গোপন রেখে BangladeshVisaFraud@fcdo.gov.uk অ্যাড্রেসে ইমেইলে অভিযোগ করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। দেশটিতে ভিসার জন্য আবেদনের গাইডলাইন সম্পর্কে জানতে সবসময় অফিশিয়াল ওয়েবসাইট www.gov.uk থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে গত বছরের শেষে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছিল, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য যদি কেউ ভিসা জালিয়াতি কিংবা অবৈধ পথ অবলম্বন করেন, তবে তাঁকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য সরকার। জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছিল।
এ ছাড়া সম্প্রতি কানাডা, জার্মানি, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৩টি পশ্চিমা দেশের হাইকমিশন ও দূতাবাস গত ৮ এপ্রিল যৌথভাবে ভিসা প্রতারণা ও জালিয়াতি বিষয়ে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করে। ভিসা, পারমিট ও কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে ভিসা আবেদন প্রক্রিয়া এবং কাগজপত্রের সত্যতা নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবৃতিটি দেওয়া হয়েছিল।
বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বলছে-ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যে চাকুরি বা নিশ্চিত ভিসার কথা বলে প্রতারণা বাড়ছে। এমনকি মানবপাচার চক্র উন্নত এসব দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশি তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। চক্রটি গন্তব্যে পৌঁছে তারপর টাকা পরিশোধের কথা বলে অভিবাসনে আগ্রহী তরুণদের আকর্ষর্ণের চেষ্টা করে থাকে। এ ছাড়া বিদেশে ভালো কাজের কথা বলে অনেককে সাইবার স্ক্যাম সেন্টারে নিপীড়ন করা হচ্ছে। ইউরোপ নেওয়ার কথা বলে লিবিয়ায় নিপীড়ন করা হচ্ছে। কাজেই বিদেশে যাওয়ার যে কোন বিষয় গোপন না করে সবার সাথে কথা বলে যাচাই বাছাই জরুরি।









