প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বরং সংবাদমাধ্যমের বিকাশে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন।
নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী-এর নেতৃত্বে বৈঠকে বিভিন্ন পত্রিকার মালিক ও প্রকাশকরা অংশ নেন। এ সময় তারা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, বিশেষ করে অর্থনৈতিক চাপসহ নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সরকার যদি উদার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে তাদের সমর্থন অব্যাহত থাকবে।
বৈঠক শেষে মতিউর রহমান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনেছেন এবং বেশ কিছু দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন।
গ্রেফতার হওয়া সাংবাদিকদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো সাংবাদিক বিনা কারণে কারাবন্দি রয়েছেন কি না বা হয়রানির শিকার হচ্ছেন কি না-তা খতিয়ে দেখা হবে।
এছাড়া গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত সংলাপ চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মতিউর রহমান চৌধুরী জানান, অতীতে শেখ হাসিনা সরকারের সময় একবার এবং অন্তর্বর্তী সরকারের সময় একবার সম্পাদক ও মালিকদের সঙ্গে বৈঠক হলেও, বর্তমান প্রধানমন্ত্রী প্রতি তিন মাস অন্তর সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বলে আশ্বাস দিয়েছেন।









