বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, পুনরুদ্ধার করা এই অর্থ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দিয়ে সরকারের এই উদ্যোগের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, এদিন ৯১১ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি চলতি মাসের মধ্যেই দেশের আরও ২৩টি উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি ডেকে এনেছে। সেই অর্থ ফিরিয়ে এনে কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে তিনি আশ্বাস দেন।
‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে সম্পৃক্ত করা হবে। সরকারের লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
এই কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।









