বিসিএস (পুলিশ) ক্যাডারে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন এনে একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও উল্লেখযোগ্য রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই পদে সিলেটে দায়িত্ব পেয়েছেন বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।
এছাড়া পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবিতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সকল কর্মকর্তার নতুন দায়িত্ব তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই রদবদলকে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।









