২০১৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে ফুটবল বিশ্বে যে রূপকথা লিখেছিল লেস্টার সিটি, ঠিক আট বছরের মাথায় সেই ক্লাবটিই এখন ঘোর অন্ধকারের মুখোমুখি।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হাল সিটির বিপক্ষে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করার পর লিগ ওয়ানে (তৃতীয় স্তর) অবনমন নিশ্চিত হয়েছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দলের।
মাত্র এক মৌসুম আগেই প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে আসা দলটি এবার টানা দ্বিতীয় অবনমনের শিকার হয়ে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে চলে গেল। ম্যাচের শুরু থেকেই স্নায়ুচাপে থাকা লেস্টার সিটি লিয়াম মিলারের গোলে প্রথমে পিছিয়ে পড়ে।
এরপর জর্ডান জেমস ও লুক থমাসের গোলে ঘুরে দাঁড়িয়ে জয়ের আশা জাগালেও দ্বিতীয়ার্ধে ওলি ম্যাকবার্নির গোল সব স্বপ্ন ভেঙে দেয়। লিগের আরও দুই ম্যাচ বাকি থাকলেও নিরাপদ অবস্থান থেকে সাত পয়েন্ট পিছিয়ে থাকায় লেস্টারের অবনমন গাণিতিকভাবে নিশ্চিত হয়ে যায়। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় মাঠে শুয়ে পড়েন ফুটবলাররা, অন্যদিকে গ্যালারিতে থাকা সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন।
তারা ক্লাবের মালিকপক্ষের পদত্যাগ দাবি করেন এবং মাঠ ছাড়ার সময় নিজ দলের খেলোয়াড়দের দুয়ো দিতে থাকেন। লেস্টার সিটির এই ঐতিহাসিক পতনের পেছনে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের অব্যবস্থাপনাও দায়ী। মৌসুমের শুরুতে আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল ক্লাবটির।
মাঠের লড়াইয়েও তারা ছিল ছন্নছাড়া; শেষ ১৮ ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে। পরিস্থিতি সামলাতে মৌসুমের মাঝপথে কোচ পরিবর্তন করে রুড ফন নিস্টলরুইকে দায়িত্ব দিলেও দলের ভাগ্য ফেরাতে পারেননি তিনি।
২০০৯ সালের পর এই প্রথম আবারও তৃতীয় স্তরের ফুটবল খেলতে হবে এক সময় ইউরোপ কাঁপানো এই দলটিকে। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ গ্যারি রাওয়েট এই ব্যর্থতাকে পুরো মৌসুমের সমষ্টিগত ফলাফল হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ফুটবল ক্লাবের যাত্রায় এটিই সবচেয়ে ভয়াবহ অংশ যা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
১৪২ বছরের ক্লাব ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বারের মতো তৃতীয় স্তরে নেমে যাওয়ার ঘটনা। অথচ মাত্র তিন বছর আগেও দলটি এফএ কাপ জিতেছিল এবং নিয়মিত ইউরোপীয় প্রতিযোগিতায় খেলত। রূপকথার সেই লেস্টার সিটি এখন ইংলিশ ফুটবলের এক বিধ্বস্ত নাম।
নয়ন









