বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে দেশের জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে আয়োজন করা হয়েছে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’।
আজ বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানটি ঘিরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। তিনি নিজেই ব্যক্তিগতভাবে সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠানে জাতীয় দলের পুরুষ ও নারী সাবেক অধিনায়কদের হাতে একটি বিশেষ সংস্করণের প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের যেকোনো আন্তর্জাতিক ম্যাচ মাঠে বসে সরাসরি উপভোগ করতে পারবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে সাবেক অধিনায়কদের অবদানকে আরও মর্যাদার সঙ্গে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রচলিত টিকিট ব্যবস্থার বাইরে গিয়ে তাদের জন্য স্থায়ী সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানটি ঘিরে ক্রিকেট মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবাল খান ব্যক্তিগতভাবে সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
এছাড়া বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ক্রিকেটার অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তারা এই সম্মাননার আওতায় থাকবেন। এতে দেশের ক্রিকেট ইতিহাসের বিভিন্ন সময়ের অধিনায়কেরা একসঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
এদিকে ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। পুরো আয়োজনের পরিকল্পনায় বিসিবি সভাপতির সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









