জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রুবেল। তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’
রুবেল সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর আর দলে সুযোগ পাননি তিনি।
বিদায়ের মুহূর্তে পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পেসার। তিনি বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
বাংলাদেশের হয়ে রুবেল ২৭টি টেস্টে ৩৬ উইকেট, ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে ২৮ উইকেট অর্জন করেছেন।









