দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ বাড়াতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে দেশের সব শিক্ষার্থীর কাছে একই ধরনের ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
মাহদী আমিন আরও জানান, ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ধনী-গরিব বৈষম্য কমিয়ে একটি ন্যায্য সমাজ গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব দিক বিবেচনায় পাটজাত ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা হবে। পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ বাড়ানোই সরকারের লক্ষ্য।
সরকার আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে এবং হারিয়ে যাওয়া পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে









