জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনাৃ ঘিরে আজ সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ‘গুপ্ত’ শব্দকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করে, যা একপর্যায়ে হইচই ও বাদানুবাদে রূপ নেয়। এ সময় সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেছেন, সরকারকে নাজেহাল করতে চক্রান্ত চালাচ্ছে বিরোধী দল।সংসদে আমাদের বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আব্দুল ওয়াদুদ ভুঁঞা এসব কথা বলেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে এ সময় হইচই ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেছেন, বিরোধীদলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ করবে, আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না।
এ সময় জামায়াতের সংসদ সদস্যরা প্রতিবাদ করতে থাকেন।
বিরোধী দলকে উদ্দেশ্য করে এই সংসদ সদস্য বলেছেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালের জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে।
স্পিকারকে সম্মোধন করে তিনি বলেছেন, আপনি শুনেছেন, চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা করেছে কারা? শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে, গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা গুপ্ত শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে। আজকে আমাদের বিরোধীদলের ভাইয়েরা ক্ষেপে উঠেছেন, এই সংসদে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কী কথা বলেছে, গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধীদলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায় ফ্যাসিস্টের মতো। চট্টগ্রামের ছাত্রদল একটা শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সঙ্গে তো কোনোভাবেই সংশ্লিষ্টতা নেই।
বিরোধীদলকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপনারা আসুন আমাদের সাথে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।
এ সময় স্পিকার বলেছেন, রাজনৈতিক দলের বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তার সবাই সবটাই পছন্দ হবে এমন কোনও বিষয় নয়। কিন্তু অনুগ্রহ করে শুনুন আমার কথাটি শুনুন। এখন আপনাদের একজন বক্তাকে আমি দিচ্ছি। উনি (বিরোধী দলীয় নেতা) যা যা বলেছে প্রয়োজন হলে তারা আপনারা জবাব দিতে পারবেন। বক্তব্যের মাধ্যমে জবাব দেন। একজন বক্তাকে বক্তব্যের সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না।
স্পিকার বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বারী সর্দারকে কথা বলার জন্য আহ্বান জানালে বিরোধীদলীয় নেতা উঠে দাঁড়ান। তখন স্পিকার বিরোধী দলীয় নেতাকে বলেছেন, বিরোধী দলের নেতা বলেন। কিন্তু এই বক্তব্যের মাধ্যমেই জবাব দেবেন এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে বলেছেন, প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না মানে কী? তিনি কি উসকাইয়া দিচ্ছেন জনগণকে? বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না।
এ সময় স্পিকার বলেন, আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনও অসংসদীয় কোনও ভাষা থাকে সেটা আমরা এক্সপাঞ্জ করব, যদি থাকে। আর দ্বিতীয়ত, যেসব বক্তব্য এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা। 'আমরা চুপ করে থাকব না'- এইগুলো তো শত বছর ধরে রাজনীতিবিদরা বলে এসেছেন। এগুলা আপনারা বক্তৃতা যখন দেবেন এর জবাব দেবেন, কিন্তু বক্তব্য রাখার সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না।









