দেশের ২৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অসহনীয় তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। তবে জনজীবনে স্বস্তির খবর জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী সপ্তাহ থেকেই সারাদেশে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, যা বর্তমান গরমের দাপট কমিয়ে দেবে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী জেলার ওপর দিয়ে বর্তমানে ‘তীব্র তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগের ১০টি জেলা, রাজশাহী বিভাগের অবশিষ্ট ৭টি জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে ‘মৃদু থেকে মাঝারি’ ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং খুলনা বিভাগসহ (১০ জেলা) রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ (৭ জেলা) এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।









