সংগীতশিল্পী তাহসান খান আবারও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন। এই সংগীত তারকা এর আগেও সংস্থাটির শুভেচ্ছাদূত ছিলেন।
গতকাল আনুষ্ঠানিকভাবে তাহসানের এ চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে।
এ সময় তাহসান বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৯ বছর পেরিয়ে গেছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের প্রতি সহানুভূতিশীল থাকা জরুরি। আমি এমন সব পরিবারের সঙ্গে কথা বলেছি যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রেরণা দেয়। আমি তাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চাই।’
বাংলাদেশে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে তাহসান ২০২১ সালে প্রথম নিযুক্ত হন। এরপর থেকে তিনি সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করে আসছেন। কক্সবাজারের ক্যাম্পগুলো পরিদর্শন, শরণার্থীদের সঙ্গে যোগাযোগ এবং বিশ্ব শরণার্থী দিবসের মতো কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর। তার এই সম্পৃক্ততা সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৫ সালে কক্সবাজারের একটি শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিদর্শন করেন তাহসান। তিনি ঘটনাটিকে রোহিঙ্গাদের চলমান দুর্ভোগের একটি মর্মান্তিক উদাহরণ হিসেবে উল্লেখ করেন। শরণার্থীদের অনেকেই নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে তিনি জানান। তবে যতদিন তা সম্ভব না হচ্ছে, ততদিন তাদের পাশে থেকে সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।









