চিয়া সিড সুপারফুড হিসেবে ব্যাপক জনপ্রিয়। এটি সালবা চিয়া বা মেক্সিকান চিয়া নামেও পরিচিত। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ফাইবার এবং ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড। শুধুমাত্র এটি হজমের স্বাস্থ্যকে উন্নীত করে না হার্টও ভালো রাখে এবং কোষের ক্ষতি কমায়। তবে চিয়া সিড সবার জন্য নিরাপদ নয়। বিশেষ কিছু মানুষের জন্য অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে।
জেনে নেওয়া যাক কাদের জন্য চিয়া সিড বিপজ্জনক হতে পারে—
•ডায়াবেটিস রোগী ও রক্তে চিনি নিয়ন্ত্রণ ওষুধে থাকা ব্যক্তি:
রক্তে চিনির মাত্রা স্থিতিশীল রাখতে চিয়া সিড সাহায্য করে। কিন্তু অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। তাই যাদের ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাচ্ছেন, তাদের সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া চিয়া সিড নিয়মিত খাওয়া উচিত নয়।
•অ্যালার্জি আক্রান্ত ব্যক্তি:
যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের চিয়া সিড খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ চিয়া সিডের জন্য দেখা দিতে পারে ত্বকে র্যাশ, চুলকানি, লালচে দাগ, বমি কিংবা শ্বাসকষ্ট। তাই প্রথমবার খাওয়ার আগে অল্প পরিমাণে পরীক্ষা করা উচিত। কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিতে হবে। তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।
•যাদের হজমে সমস্যা রয়েছে:
চিয়া সিডে ফাইবারের পরিমাণ অনেক থাকে। তাই এটি হজমের জন্য বেশ উপকারী। তবে যাদের দীর্ঘদিনের অন্ত্রসংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে চিয়া সিড উল্টো সমস্যা বাড়িয়ে দিতে পারে। এতে পেট ব্যথা, ক্র্যাম্প, ডায়রিয়া ও ফোলাভাব হতে পারে।
•রক্তচাপ নিয়ন্ত্রক ওষুধে থাকা ব্যক্তি:
যারা রক্তচাপ কমানোর জন্য ওষুধ খাচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া চিয়া সিড খাওয়া শুরু করবেন না। কারণ এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্ত পাতলা করতে সাহায্য করে। অতিরিক্ত সেবনে রক্তচাপ নেমে যেতে পারে, যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা বা বমি বমি ভাব দেখা দিতে পারে।









