জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম রুটসহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই হারে আন্তঃজেলা রুটেও ভাড়া বৃদ্ধি কার্যকর হবে।
তিনি আরও জানান, নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এবং এটি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানো হয়নি। তবে ভবিষ্যতে জ্বালানির দাম কমলে ভাড়াও সমন্বয় করা হবে।
বর্তমানে সরকার নির্ধারিত দূরপাল্লার বাস ভাড়া ছিল প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে গেছে। এতে করে পরিবহন মালিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল একই বিষয়ে বৈঠক হলেও তখন কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবারের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়।
এর আগে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর রয়েছে।









