ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের দাখিল করা ১৩টির মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এ জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য তাকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আজ তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
গতকাল বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
তিনি আরো জানান, মঙ্গলবার নির্ধারিত সময়ের পর এনসিপির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।
এবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোট ৩৬টি আসনে, জামায়াত জোট ১৩টি আসনে ও স্বতন্ত্র জোট ১টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে বিএনপির আরও তিনজন আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন।
জামায়াত জোট তাদের কোটা থেকে সংরক্ষিত ১৩টি নারী আসনের মধ্যে নিজেদের জন্য ৯টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য দুটি, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপার জন্য একটি আসন বরাদ্দ করেছেন।
যে ১২ জন বৈধ হলেন
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, জামায়াতের ছাত্রী সংসঠন ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।
সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হলে ভোটে অংশগ্রহণ করা যায় না। এনসিপির মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন।
গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। চাকরি ছাড়ার মাত্র চার মাস পেরিয়েছে তার। এ বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছেন, তাতে সরকারি পে-স্কেলের কথা উল্লেখ রয়েছে। এজন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসর গ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পরে সাংবাদিকদের বলেন, আমাদের জোটের ১২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে, এনসিপির মনিরা শারমিনের একটি মনোনয়নপত্রের বিষয়ে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার জোটের এ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে বিএনপির ৩৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ আজ বৃহস্পতিবার চলবে।









