সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ মনোনয়ন প্রক্রিয়া ও ব্যাপক আবেদন যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় স্থান পেয়েছেন তরুণ, অভিজ্ঞ ও ত্যাগী নেত্রীরা, তবে আলোচনায় থাকা অনেক পরিচিত মুখ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, এবার মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। এর মধ্যে প্রায় ৯০০ জন আবেদনকারী তাদের ফরম জমা দেন। দীর্ঘ এই প্রক্রিয়ায় প্রার্থীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই শেষে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
মনোনয়ন ফরম বিক্রির শুরু থেকেই এবার বেশ কিছু পরিচিত নাম আলোচনায় ছিল। এর মধ্যে কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীনের নাম বিশেষভাবে আলোচিত হয়। পাশাপাশি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ফারজানা সিঁথির নামও আলোচনায় ছিল। তবে চূড়ান্ত তালিকায় তাদের কেউই স্থান পাননি।
এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করা মডেল মেঘনা আলম এবং ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নামও শেষ পর্যন্ত তালিকায় আসেনি।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত আরও অনেক অভিজ্ঞ ও পরিচিত মুখও বাদ পড়েছেন। এর মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, দুই দিনের সাক্ষাৎকার পর্ব শেষে জাতীয় মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে।









