ত্রয়োদশ সংসদের সংরক্ষিত আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক। তার এই মনোনয়ন ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এরই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তার দাবি, সংরক্ষিত আসনে তার স্ত্রীর মনোনয়ন পাওয়ার বিষয়টি দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএসের প্রেসিডেন্ট তার প্রতিক্রিয়ায় এমন দাবি করেন।
জিল্লুর রহমান জানান, আমার স্ত্রী ফাহমিদা হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নারীদের জন্য সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অনেক বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। সে কারণেই সংক্ষেপে আমার কিছু কথা জানানো প্রয়োজন মনে করছি।
ফাহমিদা হকের জনসম্পৃক্ততা আজকের বিষয় নয় জানিয়ে তিনি আরও বলেছেন, দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন।
এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই ফাহমিদা হকের রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে বলে জানান জিল্লুর রহমান। সংসদ সদস্য হিসেবে তার নির্বাচন দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি।
ফাহমিদা হকের প্রতি আশা প্রকাশ করে জনপ্রিয় এ উপস্থাপক বলেছেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন।
জিল্লুর রহমান ব্যাখ্যা করেন, গণতন্ত্রে একই পরিবারের মানুষ ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, কিন্তু পেশাগত সততা সব সময় স্বাধীন থাকতে হবে। বস্তুনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা এবং উন্মুক্ত জনআলোচনার প্রতি প্রতিশ্রুতিই আমার কাজকে পরিচালিত করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
স্ত্রীর সাফল্য কামনা করে তিনি আরও বলেছেন, ফাহমিদার নতুন দায়িত্ব পালনে আমি তার সাফল্য কামনা করি। আর আমার ক্ষেত্রে, সাংবাদিকতা ও নীতি-আলোচনার ক্ষেত্রে যে স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে এতদিন কাজ করেছি, সেই একই নীতিতে আমি আমার কাজ চালিয়ে যাব।









