সাবেক বিএনপি নেত্রী ও আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কি নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)–তে যোগ দিচ্ছেন? কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শুধু রুমিন নন, জুলাই আন্দোলনের একাধিক নেতার পাশাপাশি সাবেক ছাত্রশিবিরের অনেক মুখও এনসিপিতে যাচ্ছেন এমন জল্পনা সর্বত্র।
গুঞ্জনের সূত্রপাত বিভিন্ন ফেসবুক পেজ ও রাজনৈতিক গ্রুপে রুমিন ফারহানার এনসিপিতে যোগদানের খবর ভাইরাল হওয়ায়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে সমস্ত পদ থেকে বহিষ্কার করে। সেই সময় থেকেই তার ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠে আসে।
রুমিন ফারহানা যোগ দিচ্ছেন কি না এ প্রশ্নে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আপাতত এমন কিছুই হয়নি। এগুলো শুধুই আড্ডার ছলে আলোচনা। বড় কোনো সিদ্ধান্ত হলে আমরা প্রেস ব্রিফিং করে জানাব।
একটি ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে এনসিপি জুলাই আন্দোলনের বিভিন্ন সক্রিয় অংশকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে। প্রায় ৫০ জন পরিচিত নেতা, সঙ্গে এবি পার্টির (AB Party) একটি অংশ ইতোমধ্যে যোগদানের চূড়ান্ত পর্যায়ে আছে।
এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ‘আউট বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী হাসান জুনাইদ ও প্রধান সমন্বয়ক রাফাত সালমান রিফাতের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে বলে জানা গেছে। তালিকায় আরও রয়েছেন-
প্ল্যাটফর্মের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা,
৯ দফার ঘোষক এবং ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
এনসিপির সূত্র জানায় সব কিছু ঠিক থাকলে ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এসব নেতাদের দলে বরণ করা হতে পারে। তবে আলোচনার অগ্রগতি অনুযায়ী সময় কিছুটা পিছিয়েও যেতে পারে।
রুমিন ফারহানাকে নিয়ে গুঞ্জন থাকলেও এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে জুলাই আন্দোলনের নেতাদের সম্পৃক্ততায় এনসিপি দ্রুতই বড় পরিসরে বিস্তৃতি পাচ্ছে—এটা এখন নিশ্চিত।









