মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদের বাড়ি বরগুনা জেলার আমতলী থানায়। আহতরা হলেন— মো. কাউসার আহমেদ (৩৩), আরাফাত (২০), মেহেদী (১৮), সুমাইয়া (৩০) ও মারুফা (১২)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস দোগাছি এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পাঁচজন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।









