বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা কার্ড ও ঐতিহ্যবাহী দেশীয় খাবার বিতরণ করেছে ছাত্রদলের এক নেতা।
সোমবার (১৩ এপ্রিল) হল শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে এসব উপহার পৌঁছে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আকাশ।
বিতরণ করা প্যাকেটে ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবার মুরালি, বাতাসা ও খই। এর সঙ্গে দেওয়া হয় নববর্ষের শুভেচ্ছা কার্ড।
হলের সাধারণ শিক্ষার্থীরা এ উদ্যোগকে ব্যতিক্রমী ও সৃজনশীল হিসেবে উল্লেখ করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ বিষয়ে আবুল কালাম আকাশ বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে নববর্ষের আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান হলে এর আগে এভাবে শুভেচ্ছা জানানোর উদ্যোগ দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ছাত্রদল কেবল রাজনৈতিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকতে চায় না; বরং শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে পাশে থাকতে চায়।









