জার্মানির রাজধানী বার্লিনে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন ইরানের সাবেক যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভি। তার ওপর লাল রঙের মতো একটি তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে জার্মান পুলিশ।
তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোর-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় এক ব্যক্তি তার কাছে এগিয়ে এসে হঠাৎ করেই তরল পদার্থ ছুড়ে মারেন।
তরলটি তার ঘাড় ও কাঁধের পেছনে লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি টমেটোর জুস বা সস হতে পারে। তবে এতে তিনি শারীরিকভাবে গুরুতর আহত হননি। ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে রেজা পাহলভি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, রেজা পাহলভি হলেন ইরানের শেষ শাহ যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভি এবং সম্রাজ্ঞী ফারাহ দিবা-এর জ্যেষ্ঠ পুত্র। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের -এর মাধ্যমে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে পাহলভি শাসনের পতন ঘটে। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণে ছিলেন এবং পরবর্তীতে নির্বাসনে থাকতে বাধ্য হন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-র কাছাকাছি বসবাস করছেন। গত বছর ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় সক্রিয় ভূমিকা নিয়ে নতুন করে আলোচনায় আসেন ৬৫ বছর বয়সী এই নেতা।









