ছাত্ররাজনীতিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ছাত্রলীগের মতোই ছাত্রশিবিরও স্লোগান ব্যবহার করে হামলা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান দাবি করেন, ‘আগে ছাত্রলীগ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হামলা করত, এখন ছাত্রশিবির ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান ব্যবহার করে হামলা করছে। তিনি অভিযোগ করেন, এই স্লোগান ব্যবহার করে পাবনার ঈশ্বরদী কলেজে ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধী অবস্থানে থেকেও প্রথমবারের মতো ছাত্রশিবিরের দাপট দৃশ্যমান হচ্ছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয় নিয়ে ক্যাম্পাসে প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ছাত্রদল কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে গেলেই সেটিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের পক্ষে ভোট চাওয়ার মাধ্যমে ছাত্রশিবির নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলেও দাবি করেন রাশেদ খান। তার মতে, এতে সংগঠনটির রাজনৈতিক সংশ্লিষ্টতা আরও পরিষ্কার হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ডাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদ কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ছাত্রশিবির।
পোস্টে রাশেদ খান বলেন, “জামায়াত-শিবিরের রাজনীতির সমালোচনা করলে অনলাইনে বটবাহিনী সক্রিয় হয়। সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু হামলার সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’-এর মতো ধর্মীয় স্লোগান ব্যবহার করে সেটিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা দুঃখজনক।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









