পঞ্চগড়ে ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ (২৬) উপজেলার চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার শাকিলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ এপ্রিল শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবিটির পাশে লেখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল, খালি আমাদের বিয়ের কার্ড দিল না।১. পরিবার কার্ড, ২. তেল কার্ড, ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি।’
তার এই স্ট্যাটাস দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। বিষয়টি তারা পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে।
এ ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেছেন, ওই যুবক প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেছেন, ওই কলেজছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









