দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেড় মাসে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২৫ জন। ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জন।
এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ১৮ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি হলেও যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। হঠাৎ জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ, চোখ লাল হওয়া এবং কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।









