দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা। পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের ছবি ‘রাকা’ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, তখনই বিনোদন জগতে ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন-মা হতে যাওয়ার কারণে কি সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা?
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা পক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে আসার পর থেকেই দীপিকার কাজ নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। কেউ বলছিলেন তিনি সিনেমাটি ছেড়ে দিচ্ছেন, আবার কেউ দাবি করছিলেন তার চরিত্র ছোট করে ফেলা হচ্ছে। কিন্তু ‘রাকা’ টিম আনুষ্ঠানিকভাবে জানায়, এসবই নিছক গুজব।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ছবির পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। দীপিকা পাড়ুকোন এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন এবং তার উপস্থিতি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
এমনকি অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের পেশাদারিত্বে কোনো ঘাটতি রাখেননি এই বলিউড তারকা। জানা গেছে, তিনি ইতোমধ্যেই বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন। তবে তার ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে শুটিং সেটে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
প্রথম সন্তান ‘দুয়া’র পর রণবীর সিং ও দীপিকার জীবনে আসতে যাচ্ছে দ্বিতীয় সন্তান। ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সময়েও কাজের প্রতি তার নিবেদন মুগ্ধ করেছে পুরো ইন্ডাস্ট্রিকে।
উল্লেখ্য, সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘রাকা’ মুক্তি পাবে ২০২৭ সালে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত তার প্রথম লুক ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ন্যাড়া মাথার এক বিধ্বংসী অবতারে ‘পুষ্পা’ খ্যাত এই তারকাকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। আর তার সঙ্গে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি ছবিটিকে দেবে বাড়তি আকর্ষণ।









