দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আবারও বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার (২৫এপ্রিল) আবারও বয়লারের টিউব ফেটে যাওয়ায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটির উৎপাদন স্থগিত করা হয়।ফলে বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লার পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে পড়ে। প্রায় ৪৮ ঘণ্টা পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরলেও একদিন না যেতেই আবারও একই ধরনের সমস্যায় বন্ধ হয়ে গেল।
বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উৎপাদন বন্ধ করা হয়েছে। বয়লারের স্টিম ঠান্ডা হতে কিছু সময় লাগবে এবং পুরো মেরামত কাজে প্রায় ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।









