স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুই সরকারের সময়ে শিশুদের হামের টিকা প্রদান কার্যক্রমে ঘাটতি ও সচেতনতা ক্যাম্পেইন না থাকার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে দেশে হামের টিকা নিয়ে কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন হয়নি। গত ছয় বছরে কার্যত কোনো নিয়মিত ক্যাম্পেইন পরিচালনা করেনি পূর্ববর্তী সরকার, যার ফলে শিশুদের টিকাদান কার্যক্রমে বড় ধরনের ঘাটতি তৈরি হয়।
তিনি বলেন, এই অবহেলার ফলেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে সরকার এখন সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে।
প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় কার্যক্রম চালু করা হলেও ২০ এপ্রিল থেকে এটি সারাদেশে বিস্তৃত করা হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের কার্যক্রম ও স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন এবং তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
এর আগে তিনি স্থানীয় স্বাস্থ্যসেবা নিয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।









