নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে একটি গার্মেন্টসের ঝুটের গুদামে আগুন দেখা যায়। সেখানে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত আগুন বিস্তার লাভ করে।
পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক স্থাপনায়। এর মধ্যে রয়েছে কয়েকটি ঝুটের গোডাউন, একটি চায়ের দোকান এবং একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান। আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক উঁচু পর্যন্ত দেখা যায়, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট পথে রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে একাধিক ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।









