পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরো কঠিন হবে। কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।
আজ (২৪ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলিতে হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেছেন।
মন্ত্রী বলেছেন, নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনদুর্ভোগ হচ্ছে। এলাকায় চেয়ারম্যান নেই, মেম্বার নেই, অনেকে পলাতক রয়েছেন, অনেকের কাজ করার মতো সুযোগ নেই। জনগণের রায়ে আমরা দুই মাস হলো সরকারের দায়িত্ব নিয়েছি। সহসাই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ্যানী চৌধুরী আরো বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের পক্ষে যারা নির্বাচন করতে চান তারা যেন জনগণের সাথে সম্পৃক্ত থাকেন এবং জনবান্ধন হন।
মন্ত্রী এর আগে দিঘলী ওয়াপদা খালের ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার কাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং দিঘলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।









