নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে জ্বালানি নিতে আতকাপাড়া পেট্রোল পাম্পে থামেন সংসদ সদস্য। এ সময় মাগরিবের আজান হলে তিনি নামাজ আদায়ের জন্য পাশের একটি মসজিদে যান।
নামাজ চলাকালীন সময়ে বাইরে থাকা তার গাড়িতে হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন তালুকদার জানান, নামাজের সময় হঠাৎ গাড়ি ভাঙচুরের শব্দ শোনা যায়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে একদল লোক এমপির দিকে এগিয়ে আসলে মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। পরে হামলাকারীরা তাদের ঘিরে ধরার চেষ্টা করে বলেও তিনি দাবি করেন।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের সহায়তায় সংসদ সদস্যকে নিরাপদে সরিয়ে পূর্বধলা উপজেলা পরিষদে নেওয়া হয়।
এ বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, তিনি তেল নেওয়ার জন্য পাম্পে থেমে মাগরিবের নামাজ আদায়ে মসজিদে যান। নামাজ চলাকালে বাইরে গাড়ি ভাঙচুরের শব্দ শুনতে পান। পরে বাইরে এসে দেখতে পান তার গাড়িতে হামলা হয়েছে এবং কিছু লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করছে।
এ ঘটনায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।









