সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু সরাসরি হাম আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।
এদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩১ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে।
হাম-সন্দেহে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৫২৭ জন।









